ইপেপার / প্রিন্ট
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এতে থানা পুলিশ, নৌবাহিনী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় জানানো হয়, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, প্রভাব বিস্তার কিংবা গুজব ছড়ানোর সুযোগ দেওয়া হবে না। ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ ও গোয়েন্দা তৎপরতা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বক্তারা বলেন, মাদক, অবৈধ বালু উত্তোলন, চোরাচালান, কিশোর গ্যাং ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। নির্বাচনী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব রোধেও প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
সভায় আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সমন্বয় অত্যন্ত জরুরি। যেকোনো অনিয়মের তথ্য দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়।
শেষে সভাপতির বক্তব্যে বলা হয়, রাঙ্গাবালীতে একটি অবাধ, সু ষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।