ইপেপার / প্রিন্ট
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
রাঙামাটিতে ভ্রমণে এসে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে নবদ্বীপ বড়ুয়া (১৭) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মে) দুপুরে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দ্যারমুখ এলাকার জারুলতলা সংলগ্ন কাপ্তাই হ্রদে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ নবদ্বীপ বড়ুয়া খাগড়াছড়ি জেলার তেঁতুলতলা এলাকার বাসিন্দা। তিনি প্রদীপ চৌধুরীর ছেলে। পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে বন্ধুদের সঙ্গে রাঙামাটিতে এসেছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নবদ্বীপ বড়ুয়া ও তার এক বন্ধু কাপ্তাই হ্রদে গোসল ও সাঁতার কাটতে নামেন। একপর্যায়ে হ্রদের গভীর পানিতে চলে গেলে নবদ্বীপ পানিতে তলিয়ে যান। তার সঙ্গে থাকা বন্ধু কোনোভাবে তীরে উঠে আসতে সক্ষম হলেও নবদ্বীপ আর ভেসে উঠেননি।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা জানান, নবদ্বীপ বড়ুয়া ও তার বন্ধু একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এলাকায় এসেছিলেন। দুপুরে কাইন্দ্যারমুখ এলাকার জারুলতলা অংশে কাপ্তাই হ্রদে সাঁতার কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙামাটির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউন দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। হ্রদের পানির গভীরতা ও পরিবেশগত কারণে উদ্ধার কাজে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও নিখোঁজ কিশোরকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কাপ্তাই হ্রদের কিছু এলাকায় পানির গভীরতা অনেক বেশি হওয়ায় সেখানে সাঁতার কাটতে নামা ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বাইরের এলাকা থেকে আসা পর্যটক ও ভ্রমণকারীদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে স্বজনরা অবস্থান করছেন এবং উদ্ধার অভিযানের অগ্রগতির অপেক্ষায় রয়েছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।