ইপেপার / প্রিন্ট
রংপুর নগরীতে যুবদল নেতা রাকিব হাসান হত্যার জেরে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের পর প্রতিশোধমূলক হামলার অভিযোগে নগরীর মাছুয়াপাড়ায় অন্তত ২টি বাড়ি ও ১০টি দোকানে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১০ এপ্রিল) রাতের এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী এবং উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। তারা এলাকাবাসীকে আশ্বস্ত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘরবাড়ি ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর করে। এতে ক্ষতিগ্রস্তরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, রাকিব হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা, মাদক কারবার কিংবা এলাকায় আধিপত্য বিস্তারের মতো বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল বিকেলে রংপুর নগরীর বৈরাগীপাড়ায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন রাকিব হাসান। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে মো. মমিনসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩ জন অজ্ঞাত আসামিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।