ভারতের পশ্চিমবঙ্গে নতুন রাজ্য সরকারের শপথ আগামী ৯ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে রাজ্য বিজেপি। দিনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর সঙ্গে একই দিনে পড়েছে।
মঙ্গলবার (৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া বক্তব্যে পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান, নতুন মুখ্যমন্ত্রীর শপথ ওই দিনই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছা ও নির্দেশ অনুযায়ী এই দিনটি নির্ধারণ করা হয়েছে।
দলীয় সূত্রের দাবি, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয় পাওয়ার পরই নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচনের ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী মোদি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন নিয়ে বক্তব্য দেন এবং রাজ্যের উন্নয়নের নতুন অধ্যায়ের কথা বলেন।
শমীক ভট্টাচার্য আরও জানান, প্রধানমন্ত্রী মোদি নির্বাচনী প্রচারের সময় একাধিকবার পশ্চিমবঙ্গ সফর করেছেন এবং শেষ সমাবেশে তিনি ৯ মে শপথ অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনের ফল ঘোষণার পর দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত পংক্তি উদ্ধৃত করেন—“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির”—যা তিনি নতুন বাংলার ভিশনের সঙ্গে যুক্ত করেন।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতে বিজেপি জয় পেয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে, যা রাজ্য রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ও গেজেট প্রকাশের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।