ইপেপার / প্রিন্ট
যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে পর্যাপ্ত আর্থিক সামর্থ্য নিশ্চিত করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ভ্রমণের সময় কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে বা চিকিৎসাজনিত খরচ দেখা দিলে তা বহন করার মতো অর্থনৈতিক সক্ষমতা পর্যটকদের থাকতে হবে।
শনিবার (৭ মার্চ) ভ্রমণসংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করার সময় ভ্রমণকারীদের উচিত সম্ভাব্য সব ধরনের জরুরি পরিস্থিতি বিবেচনায় রাখা এবং সেই অনুযায়ী আর্থিক প্রস্তুতি রাখা।
বার্তায় আরও উল্লেখ করা হয়, ভ্রমণের সময় কোনো অপ্রত্যাশিত সমস্যা, ভ্রমণ বিঘ্ন বা চিকিৎসা জরুরি পরিস্থিতি তৈরি হলে পর্যটকদের যেন নিজস্ব অর্থেই তা সামাল দেওয়ার সক্ষমতা থাকে।
এছাড়া যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার না করার বিষয়েও সতর্ক করা হয়েছে। দূতাবাসের মতে, এ ধরনের সুবিধার অপব্যবহার করলে এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ ক্ষেত্রে ভবিষ্যতে ওই ব্যক্তির যুক্তরাষ্ট্র–এ ভ্রমণ, পড়াশোনা বা কাজের সুযোগ পাওয়াও ঝুঁকির মুখে পড়তে পারে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।