যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা কোনো চূড়ান্ত সমাধানে না পৌঁছালেও আলোচনায় বসাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ সরকার। তবে আলোচনা ব্যর্থ হলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সব দেশই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ ইসলাম।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ চায় আলোচনাটি আরও এগিয়ে যাক এবং একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাক। যদি তা না হয়, তাহলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে, যার প্রভাব বৈশ্বিক অর্থনীতিসহ সব দেশেই পড়বে।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় যুদ্ধ বন্ধের পক্ষে এবং কূটনৈতিক সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে আসছে। তার মতে, যুদ্ধ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ এবং বৈশ্বিক অর্থনীতি।
তিনি আরও বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হওয়াকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে, কারণ এটি সংঘাত নিরসনের একটি সম্ভাব্য পথ তৈরি করেছে।
তবে প্রথম দফার আলোচনায় কোনো চূড়ান্ত ফল না আসা প্রসঙ্গে তিনি মন্তব্য করতে অনীহা প্রকাশ করে বলেন, আলোচনা এখনো চলমান এবং এ বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা সমীচীন নয়।