বরিশাল মহানগরীতে দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল এবং অবৈধ স্থাপনার কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে উচ্ছেদ অভিযান শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগর ভবনের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরু হয়। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফুটপাত, সড়ক, পার্ক এবং বিভিন্ন জনসমাগমস্থল থেকে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন গত ১৬ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকেই নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করে আসছেন। উচ্ছেদ অভিযানের আগে মানবিক দৃষ্টিকোণ থেকে অবৈধ দখলদারদের সাত দিনের সময় দেওয়া হয় এবং মাইকিংসহ ব্যাপক প্রচারণা চালানো হয়। এতে অনেকেই স্বেচ্ছায় ফুটপাত ছেড়ে দিলেও এখনও কিছু এলাকায় দখলদারিত্ব অব্যাহত রয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, নগর ভবন এলাকা থেকে শুরু হওয়া এই কার্যক্রম পর্যায়ক্রমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, ব্যস্ত মোড়, পার্ক এবং জনসমাগমস্থলগুলোতে বিস্তৃত করা হবে। ফুটপাত পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলমান থাকবে।
প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, “কিছুসংখ্যক অবৈধ দখলদারের কারণে প্রতিদিনই নগরবাসী ভোগান্তিতে পড়ছে। জনস্বার্থে আমরা এ অভিযান পরিচালনা করছি এবং এটি অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, কোনো ধরনের চাপ বা প্রভাব উপেক্ষা করে নগরবাসীর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে ১০ এপ্রিলের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশনা দিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। পাশাপাশি প্রশাসক সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নগরের সমস্যা সম্পর্কে সরাসরি ধারণা নেন।
এই অভিযানের মাধ্যমে বরিশাল শহরে যানজট কমানো, পথচারীদের চলাচল সহজ করা এবং নগরের সৌন্দর্য ফিরিয়ে আনার আশা করছেন সংশ্লিষ্টরা।