ইপেপার / প্রিন্ট
যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান নিজামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম রেজা বিপুল।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষ থেকে আগুন অন্য কক্ষে ছড়ায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। তবে আগুন নেভানোর আগে কক্ষে থাকা ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার ও আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ছাই হয়ে গেছে।
আগুনে জন্ম নিবন্ধনের আবেদনের নথিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।
ফায়ার সার্ভিস জানায়, ধারণা, আগুনের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
নিজামপুর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর হোসেন বলেন, “সকালে নিরাপত্তাকর্মী ঘুম থেকে জেগে ধোঁয়া দেখতে পান। পরে নিচে নেমে দেখেন কক্ষে আগুন দাউ দাউ করে জ্বলছে। কক্ষের অনেক কিছু পুড়ে গেছে। সহযোগিতা না পেলে জনগণকে সেবা দেওয়া খুব কঠিন হয়ে পড়বে।”
বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল। শার্শা থানার ওসি আব্দুল আলীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগুন লাগার কারণ হিসেবে ফায়ার সার্ভিস বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে কথা বললেও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।