ইপেপার / প্রিন্ট
রাজধানীর চকবাজার এলাকায় একটি বাসায় ময়লার বিল নেওয়ার কথা বলে ডাকাতির ঘটনায় ৪ জনকে আটক করেছে ডিএমপির চকবাজার মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলো নাম আজিজুল হক, মোঃ জিসান, রেজাউল করিম রেজা ও হাসনাইন।
জাহারের বরাত দিয়ে চকবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাইউম জানান, গতকাল রবিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে কিছু লোক ৪১নং হাজী রহিম বক্স লেনের একটি বাসায় দরজা নক করে বলে, তারা ময়লার বিল নেওয়ার জন্য এসেছে। দরজা খোলার সাথে সাথে ৬/৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাসার ভিতরে প্রবেশ করে বাসার দরজা-জানালা বন্ধ করে দেয়। তাদের একজন বাসার মালিকের গলায় ধারালো চাকু ধরে চুপ থাকতে বলে। কেউ চিৎকার করলে মেরে ফেলার হুমকি দেয়। অন্য ২জন হাত ধরে রাখে। একজন মোবাইল ফোন নিয়ে নেয়। এই দৃশ্য দেখে বাসার মালিকের স্ত্রী কী কারণে এমন করছে জানতে চাইলে তাকে মারধর করে ও ঘরে কী কী আছে দিয়ে দিতে বলে, না হলে লাশ ফেলে দেওয়ার হুমকি দেয়। তাদের ৭ বছর বয়সী মেয়ে চিৎকার করলে তাকেও ভয় দেখায়। তারা আলমারী থেকে ১.৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে নেয়। এরপর বিকাশের পিন নাম্বার নিয়ে আরও ৩৮ হাজার টাকা নিয়ে নেয়। এ ঘটনায় বাসার মালিকের অভিযোগের প্রেক্ষিতে চকবাজার মডেল থানায় একটি ডাকাতির মামলা রুজু হয়।
অফিসার ইনচার্জ আরও জানান, ঘটনার পর থেকেই ডিএমপির চকবাজার মডেল থানার একাধিক টিম আটক অভিযান চালায়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ওই রাতেই ঢাকা শহরের বিভিন্ন এলাকা হতে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ডাকাতির ১ লক্ষ ৪৮ হাজার টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করা হয়। বাকী টাকা ও লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার অভিযান অব্যাহত আছে।
আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।