ইপেপার / প্রিন্ট
বিশ্ব ফুটবলে নতুন এক বিস্ময়ের নাম Lamine Yamal। মাত্র ১৮ বছর বয়সেই তিনি এমন পারফরম্যান্স দেখিয়েছেন যে, অনেকেই তাকে Lionel Messi-র যোগ্য উত্তরসূরি হিসেবে দেখছেন। তবে ইয়ামাল নিজে তুলনার পথে হাঁটতে রাজি নন; বরং তিনি নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হতে চান।
বাম পায়ের জাদুকর ইয়ামালের খেলার ধরনে মেসির ছায়া খুঁজে পান অনেক ফুটবল বিশ্লেষক। ড্রিবলিং, খেলার বুদ্ধিমত্তা এবং কঠিন পরিস্থিতিকে সহজ করে তোলার ক্ষমতা তাকে বিশেষ করে তুলেছে। পরিসংখ্যানও বলছে, ১৮ বছর বয়সে ইয়ামাল ইতোমধ্যে FC Barcelona-এর হয়ে ১৫১ ম্যাচ খেলেছেন, যেখানে মেসি ১৯ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত খেলেছিলেন মাত্র ৪১টি ম্যাচ।
ব্রাজিলের কিংবদন্তি Ronaldinho মনে করেন, মেসির পর এখন ইয়ামালের সময়। অন্যদিকে সাবেক ইংল্যান্ড ডিফেন্ডার Rio Ferdinand বলেছেন, একই বয়সে ইয়ামালের অর্জন মেসি ও Cristiano Ronaldo-র চেয়েও এগিয়ে।
তবে ইয়ামাল নিজে এসব তুলনাকে গুরুত্ব দিতে চান না। তার ভাষায়, “মেসি ইতিহাসের সেরা ফুটবলার। আমি তার সঙ্গে তুলনা পাওয়ার যোগ্য নই। আমি মেসি হতে চাই না, নিজের পথেই এগোতে চাই।”
স্পেন জাতীয় দলের কোচ Luis de la Fuente এবং বার্সেলোনার কোচ Hansi Flick দুজনই ইয়ামালকে ‘বিশেষ প্রতিভা’ এবং ‘ফুটবল জিনিয়াস’ হিসেবে আখ্যায়িত করেছেন।
ইয়ামাল জানিয়েছেন, তার লক্ষ্য এখন ব্যালন ডি’অর নয়, বরং ক্লাব ও জাতীয় দলের হয়ে শিরোপা জেতা। তিনি বিশ্বাস করেন, “চাপ বলে কিছু নেই, এটি কেবল একটি অজুহাত। খেলাটা উপভোগ করলেই চাপ দূরে থাকে।”
বিশ্লেষকদের মতে, ইয়ামালের খেলার ধরণ ধীরে ধীরে একজন উইঙ্গার থেকে সৃজনশীল প্লেমেকারের দিকে এগোচ্ছে। ছোটবেলায় তিনি মেসির পাশাপাশি Luka Modric-এর খেলা গভীরভাবে পর্যবেক্ষণ করতেন এবং তার পাসিং দক্ষতা থেকে অনুপ্রাণিত হয়েছেন।
আগামী বিশ্বকাপে স্পেন অন্যতম ফেবারিট হিসেবে মাঠে নামবে। আর সেই দলের সবচেয়ে বড় ভরসার নাম হতে পারেন তরুণ তারকা লামিনে ইয়ামাল।