বরিশাল নগরীতে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা কিট ব্যবহার ও প্রয়োজনীয় সনদ না থাকার অভিযোগে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর হাসপাতাল রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী–এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, নিউ ল্যাব মেডিকেল সার্ভিসেসকে ৬ হাজার টাকা, যমুনা ডায়াগনস্টিক সেন্টারকে ১২ হাজার টাকা, হেলথ হ্যাবেন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা এবং ল্যাব পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগ অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কিট সংরক্ষণ এবং প্রয়োজনীয় অনুমোদন ও সনদের ঘাটতি পাওয়া গেছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এনএসআই সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম গোপনে পর্যবেক্ষণ করা হচ্ছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এনএসআই এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ–এর সদস্যরা অংশ নেন।
উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, জনস্বার্থে ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।