ইপেপার / প্রিন্ট
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি বাড়ির উঠান থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় সদ্য ভূমিষ্ঠ এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় পাওয়া শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে সে সুস্থ হয়ে উঠছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মীর হোসেন ঘরের সদর দরজার সামনে একটি কালো পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। কাছে গিয়ে ব্যাগের ভেতর থেকে কান্নার শব্দ শুনে তিনি সেটি খুলে দেখেন, সেখানে একটি নবজাতক কন্যাশিশু রয়েছে।
ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে প্রতিবেশীদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
মীর হোসেন জানান, সকালে বাড়ির সামনে অস্বাভাবিকভাবে পড়ে থাকা পলিথিনের প্যাকেটটি দেখে তার সন্দেহ হয়। পরে ভেতরে নবজাতককে দেখতে পেয়ে তিনি আশপাশের লোকজনকে খবর দেন এবং দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটিকে হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থা কিছুটা দুর্বল ছিল। তবে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার পর বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
এদিকে ঘটনার বিষয়ে অবগত হয়েছে স্থানীয় প্রশাসন। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার জানান, উপজেলা সমাজসেবা বিভাগের মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানা গেছে। শিশুটির চিকিৎসা ও সার্বিক দেখভালের বিষয়ে খোঁজখবর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিশুটির ভবিষ্যৎ সুরক্ষা, অভিভাবক শনাক্তকরণ এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণে প্রশাসন, সমাজসেবা বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে সিদ্ধান্ত নেবে। নবজাতকটির নিরাপত্তা ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।