ইপেপার / প্রিন্ট
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। সর্বশেষ বুধবার (৩ জুন) দুলা মিয়া (৪৫) নামে আরও একজনের মৃত্যু হওয়ায় এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। তিনি উপজেলার বালারহাট কুমোরপুর কন্তিবাড়ি গ্রামের বাসিন্দা এবং নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে বালারহাট বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি বিষাক্ত ও মেয়াদোত্তীর্ণ অ্যালকোহল পান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে একে একে মৃত্যুর ঘটনা ঘটতে শুরু করে।
প্রথমে ওই রাতেই নিজ বাড়িতে মারা যান কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০)। এরপর সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া (৫৫)। মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেন এরশাদ আলী (৪০)। আর বুধবার দুলা মিয়ার মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা পাঁচে পৌঁছায়।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অবৈধ মদ বিক্রেতাদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গোপনে এসব বিষাক্ত মাদক বিক্রি হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ শিকদার জানিয়েছেন, ঘটনাটির তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু জাফর বলেন, বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যুর ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। তদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, এ ঘটনার পর জনসচেতনতা বাড়াতে এলাকায় লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। একইসঙ্গে অবৈধ মাদক বিক্রির বিরুদ্ধে অভিযান জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।