ইপেপার / প্রিন্ট
মালয়েশিয়া সরকারের দেওয়া শর্তে বাংলাদেশ সম্মত না হলে দেশটির শ্রমবাজার আবারও বন্ধই থেকে যেতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর।
বুধবার (৬ মে) অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আয়োজিত এক অভিবাসী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘ সময় ধরে কয়েক দফায় খোলা ও বন্ধ হয়েছে। ২০০৮ সালে প্রথমবার বন্ধ হওয়ার পর ২০১৬ সালে পুনরায় চালু হলেও ২০১৮ সালে আবার বন্ধ হয়। ২০২২ সালে আবার চালু হলেও ২০২৪ সালে তা পুনরায় বন্ধ হয়ে যায়, যা এখনো কার্যত বন্ধ রয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, মালয়েশিয়া ১০টি শর্ত দিয়েছিল, যার মধ্যে কিছু শর্ত মানলে বাংলাদেশ থেকে মাত্র ৫ থেকে ৭টি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারবে। পরে তিনটি শর্ত শিথিল হলেও বর্তমানে ৪২৩টি এজেন্সির একটি তালিকা দেওয়া হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, “আমরা যদি সিন্ডিকেট বা ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম—যে নামেই বলা হোক—এই শর্তগুলোতে রাজি না হই, তাহলে শ্রমবাজার আগের মতোই বন্ধ থাকবে।”
তিনি আরও জানান, বাংলাদেশ পক্ষ থেকে সম্প্রতি একটি উচ্চপর্যায়ের সফরে মালয়েশিয়াকে ৪২৩টি অনুমোদিত এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।