ইপেপার / প্রিন্ট
মাদারীপুর-২ আসনে মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে, চলবে: মশাল মিছিলে সাবেক সাংসদ হেলেন জেরিন খানের হুশিয়ারী
মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে উত্তাপ এখন পুরো শহরজুড়ে। আজ বিকেলে পুরান বাজার রেন্ডিতলা থেকে এক বিশাল মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাদামতলা মোড়ে এসে শেষ হয়।
মশাল হাতে নারী-পুরুষ, যুবক-শ্রমিক—সবারই চোখে ছিল ক্ষোভ আর দাবির অগ্নিশিখা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সাংসদ হেলেন জেরিন খান কঠোর হুশিয়ারী দিয়ে বলেন,
“মাদারীপুর-২ আসনে মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে, সেটাই মানতেই হবে।”
তিনি অভিযোগ করে বলেন, ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মাঠের মানুষ মেনে নেবে না।
নেতাকর্মীরাও ঘোষণা দেন—আন্দোলন শুধু চলবেই না, আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে যদি দ্রুত মনোনয়ন পুনর্বিবেচনা না করা হয়।
মিছিলকে কেন্দ্র করে পুরো শহরে ছিল টানটান উত্তেজনা, তবে কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
এখন দেখার বিষয়, এই মশালের অগ্নিশিখা শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে দিতে পারে কি না।