ইপেপার / প্রিন্ট
পবিত্র রমজান মাসে মসজিদকেন্দ্রিক ইবাদত ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের ছুটি নেওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কুয়েত সরকার। দেশটির আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নতুন প্রশাসনিক নির্দেশনা জারি করেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মসজিদ খাত বিভাগের সার্কুলারে রমজান মাসজুড়ে সব ধর্মীয় কর্মীর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, রমজানকালে সাধারণভাবে কোনো ছুটি কার্যকর থাকবে না এবং নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সবাইকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে ছুটির আবেদন করা হলে তা কেবল দায়িত্বপ্রাপ্ত বিকল্প কর্মীই দাখিল ও অনুমোদনের জন্য স্বাক্ষর করতে পারবেন। অন্য কোনো ব্যক্তি এ ক্ষেত্রে আবেদন বা স্বাক্ষর দিতে পারবেন না। এছাড়া ছুটির আবেদন অন্তত এক সপ্তাহ আগে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।
সার্কুলারে আরও জানানো হয়, জরুরি প্রয়োজন ছাড়া ছুটির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে না। এমন কোনো পরিস্থিতিতে বিভাগীয় পরিচালক বা সংশ্লিষ্ট শাখা প্রধানের লিখিত অনুমোদন বাধ্যতামূলক।
এছাড়া রমজান মাসে বিকল্প হিসেবে দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় কর্মীরাও ছুটি নিতে পারবেন না বলে নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এ সময়ে নামাজ, খুতবা ও অন্যান্য ইবাদত-বন্দেগির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। মুসল্লিদের ধর্মীয় চাহিদা পূরণে মসজিদে ইমাম ও সংশ্লিষ্ট কর্মীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।