ইপেপার / প্রিন্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর দেশের ২৯৮টি আসনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মোট ৩০৫ জন প্রার্থী ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালে এই সংখ্যা চূড়ান্ত হয়। আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর থেকেই তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ২৯৮টি আসনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। দলীয় প্রার্থীর পাশাপাশি শতাধিক স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৮৯৬ জন। সে তুলনায় এবার প্রার্থীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
এর আগে, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই শেষে ৭২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে বাতিলের বিরুদ্ধে ৬৪৫ জন প্রার্থী আপিল করেন। আপিল শুনানি শেষে ৪৩১ জন তাদের প্রার্থিতা ফিরে পান। এরপর সর্বশেষ মনোনয়ন প্রত্যাহারের দিনে ৩০৫ জন সরে দাঁড়ানোয় বর্তমানে নির্বাচনী মাঠে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৭ জনে।
এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, রিটার্নিং অফিসারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের কেন্দ্রমুখী করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকে প্রার্থীরা প্রচারণায় নামলেও কোনো ধরনের বিশৃঙ্খলা বা আচরণবিধি লঙ্ঘন যেন না ঘটে, সে বিষয়ে কড়া নজরদারি থাকবে।
উল্লেখ্য, পাবনা-১ ও পাবনা-২ আসনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনায় সংশোধিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নতুন তফসিল অনুসারে, পাবনা-১ আসনে ৭টি এবং পাবনা-২ আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। এই দুটি আসনের প্রার্থীরা নির্ধারিত সময় অনুযায়ী মূল প্রতিযোগিতায় যুক্ত হবেন।