ইপেপার / প্রিন্ট
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ক্ষমতায় আসার পর বিএনপি সরকার শুধু জুলাই সনদ বাস্তবায়ন করছে না, বরং তাদের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচির নীতিও অনুসরণ করছে না।
রোববার (২৯ মার্চ) কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কার: জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, “সরকারের প্রাথমিক কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ক্রমেই পুরোনো দলীয়করণ নীতির পথেই হাঁটছে।” তিনি আরও অভিযোগ করেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির ১, ৮ ও ৯ নম্বর দফা শুরুতেই মানা হয়নি।
গোলটেবিল বৈঠকে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সিপিডির গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, ক্যাব সেক্রেটারি অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া এবং অন্যান্য সংগঠন ও রাজনৈতিক দলের প্রতিনিধি।
মঞ্জু বলেন, দেশে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট হলেও ৩২ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন সক্ষমতার অবকাঠামো তৈরি করা হয়েছে। এর পেছনে বছরে ৯১ হাজার কোটি টাকা ‘ক্যাপাসিটি চার্জ’ নামে লুটপাট হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচনে বড় ঋণখেলাপিরা সংসদে আসার পর কীভাবে এই দুর্নীতি থেকে দেশকে উদ্ধার করা হবে।
সংসদ কার্যক্রম পর্যবেক্ষণ করার কথাও উল্লেখ করে তিনি বলেন, “যদি সরকার রাষ্ট্রের সমস্যার চেয়ে অতীতের রাজনৈতিক বিতর্ক নিয়ে সময় কাটায়, তবে আমরা একটি ‘ছায়া সংসদ’ তৈরি করতে বাধ্য হব।”
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট সমাধানে জনসচেতনতা তৈরি করতে হবে, শুধুমাত্র রাজনৈতিক বা নাগরিক সংগঠন নয়, সাধারণ ভোক্তাদের সচেতন করার উদ্যোগ নেওয়া জরুরি।