ইপেপার / প্রিন্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতি দুই ঘণ্টা অন্তর ভোটের হার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলে বেসরকারি ফল পাওয়া না পর্যন্ত এই কার্যক্রম চলবে। রিটার্নিং অফিসারদের প্রতিটি কেন্দ্র থেকে ভোটের হার, নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলার তথ্য প্রতি দুই ঘণ্টা অন্তর ইসি-তে পাঠাতে হবে।
ভোটের ফল দ্রুত ও নির্ভুলভাবে আদান-প্রদানের জন্য EMS (Election Management System) সফটওয়্যার ব্যবহার করা হবে। প্রতিটি কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার দুইজন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবেন, যারা কেন্দ্রভিত্তিক ফল (ফরম-১৬) স্ক্যান ও আপলোড করবেন।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, পোস্টাল ভোট না পাওয়া আসনের ক্ষেত্রে শূন্য (০) লিখে ফল এন্ট্রি করতে হবে। চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় পোস্টাল ভোটের হিসাব ফরম-১৮ এ একীভূত করা হবে। একীভূত ফলাফল বিবরণী এবং নির্বাচনের রিটার্ন (ফরম-১৯) সহ প্রয়োজনীয় নথি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ইসিতে হার্ড কপি ও সফট কপি আকারে পাঠাতে হবে।
চূড়ান্ত বার্তা শিটে রিটার্নিং অফিসারের স্বাক্ষর বাধ্যতামূলক। প্রয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা প্রশাসক আংশিক ফলাফলে স্বাক্ষর দিতে পারবেন, তবে তাদের নমুনা স্বাক্ষর আগেভাগে ইসিতে জমা দিতে হবে।