ইপেপার / প্রিন্ট
ভেনেজুয়েলার উত্তর উপকূলে নতুন করে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সম্প্রতি পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর আবারও ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।
শনিবার (২৭ জুন) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, রিখটার স্কেলে সর্বশেষ ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি জানিয়েছে, কম্পনটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
রয়টার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কারাকাস ও মারাকাই শহরেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নতুন করে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত বুধবার ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ সরকারি হিসাবে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৩৬০ জন। এখনও ১৭২ জনের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন এবং নিখোঁজের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
শুক্রবার ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের কিছু এলাকায় জনসাধারণের প্রবেশ সীমিত করা হবে, যাতে উদ্ধার কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা যায়।