ইপেপার / প্রিন্ট
বাংলাদেশের কৃষিপণ্যের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে ভিয়েতনাম। দেশটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমোদন দিয়েছে, ফলে এখন থেকে বাংলাদেশি আলু ভিয়েতনামের বাজারে রপ্তানি করা যাবে।
স্থানীয় সময় শুক্রবার (২৭ মার্চ) ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় এই অনুমোদন দেয় বলে হ্যানয়-এ অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।
ভিয়েতনামের প্রচলিত বিধি অনুযায়ী, কোনো দেশকে আলু রপ্তানির জন্য আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। যাচাই-বাছাই শেষে সন্তুষ্ট হলে কর্তৃপক্ষ আমদানির অনুমতি প্রদান করে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ২০২৫ সালের মে মাসে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে তা সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ এখন ভিয়েতনামে আলু রপ্তানির যোগ্যতা অর্জন করেছে।
ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এই অনুমোদন বাংলাদেশের আলু রপ্তানিকারকদের জন্য একটি বড় সুযোগ তৈরি করবে এবং দেশের কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।
তিনি আরও জানান, ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে, ফলে এই রপ্তানি উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে এবং বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হবে।
এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সাফল্যের মাধ্যমে ভবিষ্যতে তিলসহ বাংলাদেশের অন্যান্য কৃষিপণ্যও ভিয়েতনামের বাজারে প্রবেশের সুযোগ পাবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই বাজার উন্মুক্ত হওয়ায় দেশের কৃষি খাত বিশেষ করে আলু উৎপাদন ও রপ্তানি খাতে ইতিবাচক প্রভাব পড়বে।