ইপেপার / প্রিন্ট
ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, নির্বাচনে ভরাডুবির আশঙ্কা থেকেই কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও অপপ্রচার চালাচ্ছে। যাদের জনগণের মধ্যে কোনো ভিত্তি নেই, যারা অতীতেও ভোট পায়নি এবং ভবিষ্যতেও পাবে না—তারাই বিএনপিকে ঘিরে বিভ্রান্তিকর মন্তব্য করছে বলে দাবি করেন তিনি।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় এক পথসভায় এসব কথা বলেন আবদুস সালাম।
তিনি বলেন, “যখনই কেউ বুঝতে পারে নির্বাচনে তার ভরাডুবি নিশ্চিত, তখনই তারা দিশেহারা হয়ে পড়ে। তখন বিএনপি এবং আমাদের নেতা তারেক রহমানকে ঠেকাতে নানা ধরনের আবল-তাবল বক্তব্য ও অপপ্রচার শুরু করে।” তিনি অভিযোগ করেন, কেউ কেউ দাবি করছে ঢাকা শহরের সব আসন তারা দখল করে নিয়েছে এবং বিএনপি একটি আসনও পাবে না—যা সম্পূর্ণ বাস্তবতাবিবর্জিত।
আবদুস সালাম বলেন, অতীতের নির্বাচনী ইতিহাসই প্রমাণ করে জনগণ কাকে ভোট দিয়েছে। “যারা বিএনপির সঙ্গে ছিল তারা জামানত রক্ষা করেছে, আর যারা বিএনপির বাইরে ছিল তারা জামানত হারিয়েছে। ঢাকা শহরে অতীতেও বিএনপি সব আসনে বিজয়ী হয়েছে,”—বলেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনে এমন প্রার্থীও দেখা যায় যারা শত ভোটও পায় না, অথচ তারা বিপুল ভোটে জয়ের দাবি করে বেড়ায়। “কিন্তু জনগণ সব জানে—কে নির্বাচিত হবে, কে হবে না,” যোগ করেন তিনি।
দেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে আবদুস সালাম বলেন, সংকটের সময় এ দেশের মানুষ সবসময় সঠিক নেতৃত্ব বেছে নিয়েছে। “দেশের ক্রাইসিসের সময় জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতা বানিয়েছিল। তিনি জোর করে ক্ষমতায় আসেননি, জনগণের সমর্থন নিয়েই রাষ্ট্রক্ষমতায় এসেছিলেন এবং দেশের ভাগ্য পরিবর্তন করেছিলেন,”—বলেন তিনি।
বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ছে, বেকারত্ব বাড়ছে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান আশাব্যঞ্জক নয়। “এই অবস্থায় দেশের মানুষ আবারও একজন যোগ্য নেতৃত্বের খোঁজ করছে। জনগণ ইতোমধ্যে সেই নেতা হিসেবে তারেক রহমানকে বেছে নিয়েছে,”—দাবি করেন তিনি।
আবদুস সালাম বলেন, তারেক রহমান বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে তার নাম উচ্চারিত হলেই মানুষের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা যায়। “জনগণের এই সাড়া প্রমাণ করে—আগামী নির্বাচনেও বিএনপি জনগণের সমর্থন পাবে,”—বলেন তিনি।