বিস্তারিত প্রতিবেদন
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিতে যাচ্ছেন। একই দিনে কলকাতার কালীঘাট-এ নিজ বাড়িতে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, মমতার কালীঘাটের বাড়ির চত্বরে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এতে অংশ নিতে পারেন বলে জানা গেছে।
বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এটিই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তৃণমূলের সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং রাজ্যসভার সদস্য বাবুল সুপ্রিয়।
তবে এবারের আয়োজন তুলনামূলক ছোট পরিসরে করা হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দলীয়ভাবে জাঁকজমকপূর্ণ আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, কয়েকটি অরাজনৈতিক সংগঠন রবীন্দ্রজয়ন্তী পালনের অনুমতি চাইলেও পুলিশ তা দেয়নি।
তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্ব দলের সব স্তরে রবীন্দ্রজয়ন্তী পালনের নির্দেশনা দিলেও বর্তমানে দলটির প্রধান গুরুত্ব রয়েছে সহিংসতায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোতে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রবীন্দ্রজয়ন্তীর এই কর্মসূচি শুধু সাংস্কৃতিক আয়োজন নয়; বরং নির্বাচনের পর তৃণমূলের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ বার্তার দিকেও সবার নজর থাকবে।