ইপেপার / প্রিন্ট
ভয়াবহ ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আফ্রিকার কয়েকটি দেশের ওপর আগে জারি করা কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ডিআর কঙ্গো জাতীয় দলের খেলোয়াড়দের বিশেষ বিবেচনায় দেশে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে কঙ্গো জাতীয় দলের খেলোয়াড়দের ২১ দিন আইসোলেশনে থাকতে হবে।
হোয়াইট হাউজ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক এন্ড্রু গিউলিয়ানি জানান, ফিফা, কঙ্গো জাতীয় দল এবং দেশটির সরকারকে বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছে। বর্তমানে বেলজিয়ামে অনুশীলনরত দলকে কঠোর ‘বাবল’ ব্যবস্থার মধ্যে থাকতে হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে স্বাস্থ্য ও নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে মানতে হবে, অন্যথায় প্রবেশের অনুমতি ঝুঁকির মুখে পড়বে।
এর আগে ইবোলা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় কঙ্গোসহ কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তবে বিশ্বকাপকে ঘিরে খেলোয়াড়দের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
গ্রুপ ‘এইচ’-এ থাকা ডিআর কঙ্গো আগামী ১৭ জুন টেক্সাসে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।