ইপেপার / প্রিন্ট
উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন নিউক্যাসল ইউনাইটেডের তরুণ রাইট-ব্যাক নোটো লিভরামেন্টো। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে চেলসির ডিফেন্ডার ট্রেভোহ চালোবাহকে।
আগামীকাল বুধবার গ্রুপ ‘এল’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। তার আগেই ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন স্কোয়াডে এই পরিবর্তনের ঘোষণা দিয়েছে।
গত রবিবার অনুশীলনের সময় পায়ে চোট পান ২৩ বছর বয়সী লিভরামেন্টো। পরদিন মেডিকেল পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন, এই চোট নিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব নয়।
ফিফার নিয়ম অনুযায়ী প্রথম গ্রুপ ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে পর্যন্ত গুরুতর আহত খেলোয়াড়ের বদলি নেওয়ার সুযোগ থাকায় সেই সুযোগ কাজে লাগিয়ে ট্রেভোহ চালোবাহকে দলে ডেকেছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল।
চোটের কারণে পুরো মৌসুমই ভোগান্তিতে ছিলেন লিভরামেন্টো। থাই ও হ্যামস্ট্রিং সমস্যার কারণে নিউক্যাসলের হয়ে মাত্র ১৭টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলতে পেরেছিলেন। এরপরও কোচ টুখেলের আস্থায় বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তের ইনজুরি তার বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দিল।
অন্যদিকে, ২০২৫ সালের জুনে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচের পর জাতীয় দলের হয়ে আর খেলেননি চালোবাহ। কিন্তু লিভরামেন্টোর ইনজুরির কারণে এবার সরাসরি বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়ে গেলেন এই চেলসি ডিফেন্ডার।