ইপেপার / প্রিন্ট
দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার পরিবেশ আরও সহজ, দ্রুত ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে নতুন করে চারটি ব্যাংক ও সাতটি সিটি কর্পোরেশনসহ মোট ১১টি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিডার সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ে বিডার কনফারেন্স কক্ষে আয়োজিত এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা।
এমওইউ স্বাক্ষরকারী চারটি ব্যাংক হলো— রূপালী ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। এছাড়া ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হওয়া সাতটি সিটি কর্পোরেশন হচ্ছে— রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
এই সমঝোতার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক ও সিটি কর্পোরেশনগুলোর নিজস্ব সিস্টেম বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে সংযুক্ত হবে। ফলে বিনিয়োগকারীরা একক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণসহ বিভিন্ন আর্থিক ও নগরসেবা দ্রুত, স্বচ্ছ এবং হয়রানিমুক্তভাবে গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “একজন ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় শিল্পগোষ্ঠীর বিনিয়োগকারী— সবাই যেন একটি ওয়েবসাইট ও একটি লগইনের মাধ্যমেই প্রয়োজনীয় সব সরকারি সেবা পান, সেটিই বিডার লক্ষ্য।” তিনি আরও বলেন, একই তথ্য বারবার বিভিন্ন দপ্তরে জমা দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশ একটি আধুনিক ও বিনিয়োগবান্ধব ব্যবস্থার দিকে এগোচ্ছে।
তিনি জানান, শুধু সিস্টেম চালু করলেই হবে না, সেবাগুলো বাস্তবে কতটা কার্যকর হচ্ছে এবং বিনিয়োগকারীরা কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা নিয়মিত মনিটরিং ও ফিডব্যাকের মাধ্যমে মূল্যায়ন করতে হবে। এ ক্ষেত্রে অংশীদার প্রতিষ্ঠানগুলোর সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ অনুযায়ী বিনিয়োগসংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবা একক প্ল্যাটফর্মে আনতে বিডা ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে অনলাইন ওএসএস পোর্টাল চালু করে। আজকের ১১টি প্রতিষ্ঠানসহ এখন পর্যন্ত মোট ৫২টি প্রতিষ্ঠানের সঙ্গে বিডা এমওইউ স্বাক্ষর করেছে।
বর্তমানে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা প্রদান করা হচ্ছে। এই সিস্টেমে এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৬৯৯টি আবেদন নিষ্পত্তি হয়েছে। পর্যায়ক্রমে আরও সেবা ও প্রতিষ্ঠান এই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে।
অনুষ্ঠানে বিডার ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমের সার্বিক উপস্থাপনা করেন মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপপরিচালক আবু মোহাম্মদ নুরুল হায়াত টুটুল।