ইপেপার / প্রিন্ট
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চালু হতে যাওয়া ডিজিটাল ও পেপারলেস ব্যবস্থা রোগীদের চিকিৎসা সেবা গ্রহণকে আরও সহজ, সময়সাশ্রয়ী এবং তুলনামূলকভাবে কম খরচের করে তুলবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ।
তিনি বলেন, ডিজিটাল পেমেন্ট ও আধুনিক তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে রোগীদের দীর্ঘ লাইনে দাঁড়ানো ও হাতে হাতে বিল পরিশোধের ভোগান্তি কমবে এবং চিকিৎসা সেবার গতি বাড়বে।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়েজ আহমেদ বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিএমইউতে পূর্ণাঙ্গ পেপারলেস কার্যক্রম বাস্তবায়নের একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া শুরু হলো। এর ফলে রোগীরা কাউন্টারে গিয়ে নগদ অর্থ পরিশোধ না করেই ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন ধরনের ফি ও বিল পরিশোধ করতে পারবেন, যা সময় ও অর্থ—দু’দিক থেকেই সাশ্রয়ী হবে।
তিনি আরও বলেন, ডিজিটাল সিস্টেম চালু হলে ভবিষ্যতে রোগীদের স্বাস্থ্যসংক্রান্ত সব ধরনের তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা সম্ভব হবে। এই তথ্যভিত্তিক ব্যবস্থাপনা চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা এবং গবেষণায় গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন আনবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণাকে আরও শক্তিশালী করার পাশাপাশি রোগীদের সেবা গ্রহণ সহজ করতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে বিএমইউতে চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ এবং ডেন্টাল অনুষদের ডীন ডা. সাখাওয়াত হোসেন। এ সময় বিএমইউ ও এটুআই প্রোগ্রামের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় বিএমইউর চিকিৎসা সেবা, শিক্ষাদান ও গবেষণা কার্যক্রম সংশ্লিষ্ট সব ধরনের ফি ও আনুষঙ্গিক বিল আদায়ে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হবে। এজন্য বিএমইউর ওয়েব পোর্টাল ও সেবাসংশ্লিষ্ট সিস্টেমগুলো এটুআই প্রোগ্রামের সমন্বিত পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’-এর সঙ্গে সংযুক্ত করা হবে।
এর ফলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং কিংবা শাখা ব্যাংকিংয়ের মাধ্যমে যে কোনো সময় ও যে কোনো স্থান থেকে ফি ও বিল পরিশোধ করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে বিএমইউতে ক্যাশলেস ব্যবস্থার বাস্তবায়ন সহজ হবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।