ইপেপার / প্রিন্ট
ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬ – বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পলিসি সামিট ২০২৬ শুরু হয়েছে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এই সামিটে প্রায় ৩০টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, চীন, জাপান, জার্মানি, ফ্রান্স, কোরিয়া, মালয়েশিয়া, তুরস্ক, মালদ্বীপ, ব্রুনাই, শ্রীলঙ্কাসহ আরও অন্যান্য দেশ।
সামিটের শুরুতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কী-নোট উপস্থাপন করেন। তিনি বলেন, দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিরতা ও স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস একটি দীর্ঘ ও অসমাপ্ত সংগ্রামের ইতিহাস। এই সংগ্রামের মূল লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা। ১৯৪৭ সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার লক্ষ্য এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তিনি বাংলাদেশের শাসনব্যবস্থার ব্যর্থতা ও কর্তৃত্ববাদী চর্চার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে এবং জনগণের কণ্ঠস্বর সংকুচিত হয়েছে উল্লেখ করেন। বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ে তরুণরা তাদের অধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলনে অংশ নিয়েছিল।
জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদী শাসনের অন্ধকার অধ্যায় পার হয়ে বাংলাদেশ এখন গণতান্ত্রিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। তবে এই পথে এখনও বড় বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। সামিটে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখাও তুলে ধরা হয়েছে, যা আগামী নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।