ইপেপার / প্রিন্ট
বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয় দেশ। এ বিষয়ে আলোচনা হয় বেইজিংয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে।
চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) চেয়ারম্যান ওয়াং হুনিং-এর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান। বুধবার (৬ মে ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করে। দুই দেশই বিদ্যমান সমন্বিত কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণ, অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার বিষয়গুলো।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক বাংলাদেশ–চীন সম্পর্ককে আরও গতিশীল ও বাস্তবমুখী সহযোগিতার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।