ইপেপার / প্রিন্ট
বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষই বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বহুমাত্রিক ও কার্যকর করার ওপর গুরুত্ব দেন।
বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কূটনৈতিক উদ্যোগ দুই দেশের মধ্যে আস্থা ও কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।