দেশে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে PayPal চালুর জন্য কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ–এর সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আগামী ৫ বছরে প্রায় ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান করা হবে। ইতোমধ্যে ৭,৫০০ জন ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মাধ্যমে ৫ বছরে ধাপে ধাপে ফ্রিল্যান্সার তৈরির জন্য প্রশিক্ষণ কার্যক্রম চালানো হবে। পাশাপাশি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ–এর মাধ্যমে ২০২৬ সালে ২,৪০০ জন তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ভার্চুয়াল রিয়েলিটির মতো উচ্চপ্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে বর্তমানে ৮৩টি সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে এবং আগামী এক বছরের মধ্যে আরও ১০টি নতুন সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল–এর মাধ্যমে আগামী ৫ বছরে প্রায় ১ হাজার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে আইটিইই প্রশিক্ষণ দেওয়া হবে। একইসঙ্গে ৫,০২০ জন চাকরি প্রার্থী ও শিক্ষার্থীদের এআই, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালাইটিক্স ও সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন প্রায় ৭০০ জনকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার পরিকল্পনাও হাতে নিয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, দেশে PayPal–এর কার্যক্রম চালু করতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যা বিষয়টি বাস্তবায়নে কাজ করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পেপ্যাল চালু হলে দেশের ফ্রিল্যান্সার ও আইটি খাত আন্তর্জাতিক বাজারে আরও সহজে যুক্ত হতে পারবে এবং বৈদেশিক আয়ের নতুন দ্বার উন্মোচিত হবে।