ইপেপার / প্রিন্ট
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন মাইকেল মিলার, ইইউর বাংলাদেশে রাষ্ট্রদূত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মাইকেল মিলার বলেন, “আমরা বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার, সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, বিনিয়োগকারী এবং সহায়তা প্রদানকারী। নতুন নির্বাচিত সরকারের জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশীদার। আমাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আমরা ইইউ–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
নতুন অধ্যায় বলতে কী বোঝানো হচ্ছে—এই প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, “কোনো বিষয় আলোচনার টেবিলের বাইরে ছিল না। আমরা ইইউ ও বাংলাদেশের সম্পর্কের বিস্তৃত পরিসর নিয়ে কথা বলেছি। এর মধ্যে উন্নয়ন, মানবিক বিষয়, অভিবাসন এবং বিচার বিভাগীয় সংস্কার, বাণিজ্যিক আদালত ও অভিবাসন ব্যবস্থাপনা বিষয় অন্তর্ভুক্ত।”
তিনি আরও জানান, নতুন সরকারের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (PCA) শিগগিরই চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হবে। “আজকের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা আশা করি নিকট ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে এই চুক্তিতে স্বাক্ষর করতে পারব।”
মানবাধিকার, বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে ইইউর গুরুত্বের কথাও তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সব বিষয়ই আলোচনায় এনেছি।”