ইপেপার / প্রিন্ট
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। তিনি বলেন, স্বৈরাচারের সময় যে মা তার সন্তান হারিয়েছেন, যে বোন তার স্বামী হারিয়েছেন—আজ তাদের সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-এ এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। যারা গুম খুনের শিকার হয়েছেন, রাষ্ট্র তাদের দায় এড়াতে পারবে না। বিএনপি সরকারে এলে শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে। সবাইকে সজাগ থাকতে হবে, যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে। প্রতিটি বিচার প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
সভা আয়োজিত হয় বিগত আন্দোলনে নিপীড়িত ও গুম খুন পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের জন্য। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী এবং ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অন্যান্যরা।