রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাহিদুল ইসলাম।
বুধবার গভীর রাতে বনানী থানা পুলিশ পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বৃহস্পতিবার সকালে ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পেছনের ১১৪ নম্বর বাসার ষষ্ঠ তলায় অস্ত্র ও মাদক মজুত রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাসার মালিক ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ২ হাজার ১৫০ পিস ইয়াবা ও ৯৬ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়। একইসঙ্গে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার জাহিদুল বনানী-মহাখালী এলাকার চিহ্নিত মাদক কারবারি। এছাড়া রাজধানীর ফার্মগেট এলাকায় এক যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য রয়েছে।
তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।