ইপেপার / প্রিন্ট
জাতীয় কবি Kazi Nazrul Islam-এর সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ উপলক্ষে দেশব্যাপী নানা সাংস্কৃতিক, গবেষণা ও প্রচারমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রোববার (১৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান Nitai Roy Chowdhury।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় কবির সাহিত্যকর্ম, সংগীত, মানবতাবাদী দর্শন ও বিদ্রোহী চেতনাকে দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি জানান, জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ উদযাপনের জন্য একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। পাশাপাশি নজরুল বর্ষের লোগো, পোস্টার ও বিশেষ ক্যালেন্ডার প্রকাশ করা হবে। এ ছাড়া স্মারক ডাকটিকিটও প্রকাশের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদযাপন উপলক্ষে আগামী ১৮ থেকে ২০ জুন পর্যন্ত দেশের ৬৪ জেলা এবং ৭৪টি প্রত্যন্ত ও বিশেষ উপজেলায় তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ কর্মসূচি বাস্তবায়নে চলতি অর্থবছরের বাজেট থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, উদযাপন কেবল সাংস্কৃতিক অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে না। জাতীয় কবির সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও দর্শন নিয়ে গবেষণাকে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নজরুলের সৃষ্টিকর্ম তুলে ধরতে Ministry of Foreign Affairs of Bangladesh-এর মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ মে Trishal-এ জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে Tarique Rahman ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেন।
সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় নজরুলভিত্তিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে জাতীয় কবির জীবন, সাহিত্য ও আদর্শ সম্পর্কে জানার সুযোগ করে দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বছরব্যাপী এই আয়োজনের মাধ্যমে তরুণ সমাজ বিদ্রোহী কবির চিন্তা-চেতনা ও মানবিক মূল্যবোধ সম্পর্কে আরও গভীর ধারণা লাভ করবে।