ইপেপার / প্রিন্ট
অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতিটি বাস্তবায়ন করে দেখিয়েছে যে, নেতৃত্ব ঠিক থাকলে সব সম্ভব। ফ্যামিলি কার্ড একটি স্মার্ট কার্ড, যার মাধ্যমে ভবিষ্যতে দেশের সকল জাতীয় সুযোগ-সুবিধা সরবরাহ করা হবে। এছাড়া কৃষকদের জন্য ১২ হাজার কোটি টাকার ঋণ মওকুফ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং কৃষি কার্ডসহ আরও জনকল্যাণমূলক কর্মসূচি চালু থাকবে।
মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরের পতেঙ্গা এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে অর্থমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে চট্টগ্রাম নগরের ৫ হাজার ৫৭৫ জন নারীর হাতে কার্ড বিতরণ করা হয়েছে।
আমির খসরু বলেন, সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এই ঝুঁকি নেওয়া হয়েছে। কার্ড বিতরণ প্রক্রিয়ায় কোনো দলীয়করণের সুযোগ রাখা হয়নি, এবং সরকারি কর্মকর্তারা স্বাধীনভাবে হতদরিদ্র পরিবারগুলো চিহ্নিত করেছেন।
তিনি আরও বলেন, পরিবারের নারী প্রধানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী না করলে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের নারী প্রধানের অ্যাকাউন্টে সরাসরি ২ হাজার ৫০০ টাকা পৌঁছে যাচ্ছে, যা তাদের হাতে অর্থনৈতিক শক্তি তৈরি করবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।