ইপেপার / প্রিন্ট
ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জমান। তিনি অভিযোগ করেছেন, কড়াইল বস্তিতে ভোটারদের ফ্যামিলি কার্ড দেখানো এবং ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দেওয়া নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে দাঁড়িপাল্লা প্রতীক সংগ্রহের পর তিনি গণমাধ্যমকে বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়; যে যত বড়ই হোক না কেন, তাকে আইনের আওতায় আসতে হবে। ভোটারদের প্রভাবিত করার এমন প্রলোভন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, একটি অবাধ ও সুন্দর নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “২০২৪ সালের জুলাই বিপ্লবের আত্মত্যাগীদের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই নির্বাচনে কোনো নাগরিককে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না,” তিনি যোগ করেন।
জামায়াত নেতা ডা. খালিদুজ্জামান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি বিশ্বাস করি, আমার প্রধান প্রতিদ্বন্দ্বী দায়িত্বশীল ব্যক্তি। আমরা সবাই মিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করব, যাতে ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”
তিনি দেশের গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, “নির্বাচন হবে এমন একটি খেলার মাঠ, যেখানে জয়-পরাজয় থাকবে। কিন্তু জোর করে কারও ওপর মতাদর্শ চাপিয়ে দেওয়া বা ভোটাধিকার কেড়ে নেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে।”
ঢাকা-১৭ আসনের এই বিতর্ক নির্বাচনী শৃঙ্খলা ও নাগরিকদের নিরাপদ ভোটাধিকারের বিষয়কে নতুনভাবে আলোচনায় এনেছে।