ইপেপার / প্রিন্ট
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দীর্ঘমেয়াদি চুক্তি ‘ফেবারঅ্যাবল’ বা বাংলাদেশের জন্য অনুকূল না হলে কোনোভাবেই চুক্তি সই করা হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে কি না—এ বিষয়ে জানতে চাইলে নৌ উপদেষ্টা বলেন, “চুক্তির প্রক্রিয়া এখনো শেষ হয়নি। শর্ত যদি আমাদের জন্য অনুকূল হয়, তাহলে চুক্তি হবে। আর অনুকূল না হলে কোনো চুক্তি হবে না।”
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতির কারণে সৃষ্ট অচলাবস্থা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই পরিস্থিতি অহেতুক তৈরি করা হয়েছে। তিনি জানান, বন্দর কর্তৃপক্ষ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বন্দরের স্বার্থে যা ভালো হবে, তারা সেটিই করবে। এ বিষয়ে সরকার কোনো অযৌক্তিক হস্তক্ষেপ করবে না।
এ সময় সাংবাদিকরা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, সিদ্ধান্তহীনতার কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “মানুষ কষ্ট করলে মানুষই বুঝবে। আমি তো কাউকে কাজ বন্ধ করতে বলিনি।”
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি কনসেশন চুক্তি নিয়ে বর্তমানে দর-কষাকষি চলছে। ঢাকায় সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) কর্তৃপক্ষের কার্যালয়ে এ সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে। সব শর্ত চূড়ান্ত হওয়া ও প্রয়োজনীয় অনুমোদন মিললে কয়েক দিনের মধ্যেই চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
তবে এই সম্ভাব্য চুক্তির বিরোধিতা করে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা কয়েক দিন ধরে কর্মবিরতি পালন করছেন। সোমবারও এই কর্মবিরতির ফলে বন্দরের অপারেশনাল কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়, যার প্রভাব পড়ছে আমদানি-রপ্তানি কার্যক্রম ও জাতীয় অর্থনীতিতে।