ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ১৪ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুর রহিম ওরফে সজিব (৩৫)। তিনি ফেনী জেলার উত্তর চারিপুর এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড থানার শীতলপুর এলাকার বিএম কন্টেইনার ডিপোর সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, ফেনী আদালতে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আব্দুর রহিমকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








