ইপেপার / প্রিন্ট
সরকার সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ফরিদপুর ও গাইবান্ধায় দুটি বাফার গুদাম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি গুদামের ধারণক্ষমতা ১০ হাজার মেট্রিক টন, এবং প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৯৫ কোটি ৮০ লাখ টাকার বেশি।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।
এই নির্মাণকাজ শিল্প মন্ত্রণালয়ের ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় পরিচালিত হবে।
ফরিদপুরের গুদামটি প্যাকেজ-২, লট-৩-এর আওতায় নির্মিত হবে, যার ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪৫ লাখ ২৮ হাজার ৩৯২ টাকা। এই কাজটি যৌথভাবে করবে এআইএল-এসসিএল (জেভি), অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড এবং সালাম কনস্ট্রাকশন লিমিটেড।
গাইবান্ধার গুদামটি নির্মিত হবে প্যাকেজ-৪, লট-৪-এর আওতায়, ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৩৫ লাখ ৫৪ হাজার ৮৮৮ টাকা, এবং নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড।
প্রকল্প উদ্যোক্তারা আশা করছেন, নতুন এই গুদামগুলো চালু হলে সংশ্লিষ্ট জেলাগুলোতে সারের আপৎকালীন মজুদ নিশ্চিত হবে এবং কৃষকদের দরগোড়ায় সঠিক সময়ে সার পৌঁছে দেওয়া সহজ হবে।