বরিশালের উজিরপুরে কলেজছাত্রী সানজিদা কবির আনিতা (২১) হত্যা মামলার প্রধান আসামি ও তার প্রেমিক মো. মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮। বৃহস্পতিবার সকালে উপজেলার ইছলাদী টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত হিমু ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার মুহাম্মদ গোলাম মোর্শেদ জিলানীর ছেলে। তিনি বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোড এলাকার রাফি মঞ্জিলের ষষ্ঠ তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।
র্যাব-৮ সূত্রে জানা গেছে, নিহত আনিতার সঙ্গে হিমুর প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল সকালে আনিতা বোনের বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে দীর্ঘ সময় তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, আনিতা বগুড়া রোডের অক্সফোর্ড মিশন প্রাইমারি স্কুলের বিপরীত পাশের একটি গলিতে অবস্থিত হিমুর ভাড়া বাসায় রয়েছেন। সেখানে গিয়ে তারা খাটের ওপর আনিতার মরদেহ দেখতে পান। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঘটনার পর নিহতের বোন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত হিমু আত্মগোপনে চলে যান।
র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইছলাদী টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।