ইপেপার / প্রিন্ট
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টায় তিনি কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।
অতিরিক্ত প্রেস সচিব জানান, “প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে নিজের চেম্বারে অফিস করছেন। সেখানে তিনি সাংগঠনিক কর্মকাণ্ড এবং দল ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করছেন।”
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।
এদিন দুপুর থেকেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক সমবেত হন। তাঁরা “তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম” স্লোগান দিয়ে পুরো এলাকা মুখর করে রাখেন।
এ ঘটনায় রাজনৈতিক মহলে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়ানো এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আগমনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।