ইপেপার / প্রিন্ট
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন দুই দেশ সফরকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের উসকানি ও নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে তার মনে হচ্ছে।
শনিবার (২০ জুন) রাজধানীর রমনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: চ্যালেঞ্জ, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। জনগণের প্রত্যাশাও অনেক। সরকারের নামের সঙ্গে ‘জাতীয়তাবাদী’ শব্দটি জড়িত থাকায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব আরও বেশি। তাই সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না, যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, দেশের উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে প্রধানমন্ত্রীর বিদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই সফরকে ঘিরে কিছু মহল নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে মনে হচ্ছে।
রিজভী আরও বলেন, বিএনপির ঘোষিত পররাষ্ট্রনীতি অনুযায়ী বাংলাদেশের কোনো শত্রু নেই, আবার কোনো প্রভুও নেই—সবাই বন্ধু। সেই নীতির ভিত্তিতেই বর্তমান সরকার আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে।
আইসিটি খাত প্রসঙ্গে তিনি বলেন, সরকারের বাজেটে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ এবং ‘ওয়ান ডিজিটাল, ওয়ান ওয়ালেট’ নীতির ঘোষণা ইতিবাচক পদক্ষেপ। তথ্যপ্রযুক্তিনির্ভর রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ন্যাশনালিস্ট আইসিটি ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার রাফায়েল কবির, উপদেষ্টা ডা. মারুফ মল্লিক, ডা. শাহ জেড মিয়াসহ অন্যান্য নেতারা।