প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের মাধ্যমে কর্মক্ষম মানবসম্পদে পরিণত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (১০ জুন) রাজধানীর মিরপুর-এ অবস্থিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তাদের শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন।
তিনি আরও বলেন, “এই জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তুলতে পারলে তারা দেশের জন্য বোঝা নয়, বরং মূল্যবান জনসম্পদে পরিণত হবে। সরকার তাদের কর্মসংস্থান ও পুনর্বাসনের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।”
এ জেড এম জাহিদ হোসেন জানান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন একটি সমন্বিত সেবা কেন্দ্র হিসেবে কাজ করছে, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, প্রশিক্ষণ, পুনর্বাসন এবং বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এর মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার হলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় যুক্ত করা। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মানবিক, সমতাভিত্তিক ও সুযোগ-সুবিধাসম্পন্ন পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
পরিদর্শনকালে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং পরিচালক সোনামণি চাকমা উপস্থিত ছিলেন।
সরকারের লক্ষ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে সবাই সমানভাবে উন্নয়নের সুফল ভোগ করতে পারবেন।