ইপেপার / প্রিন্ট
পুরান ঢাকার দীর্ঘদিনের গ্যাস সংকট, জলাবদ্ধতা, ভাঙা রাস্তা, দূষণ ও যানজটসহ জটিল নাগরিক সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়েই পুরান ঢাকাকে একটি বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর সুরিটোলা স্কুলের সামনে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন।
ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকার নাগরিকরা ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আগ্রহী এবং আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছেন। তিনি বলেন, সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে, যাতে জনগণ নিজের ভোট নিজেই দিতে পারে।
স্থানীয় সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, পুরান ঢাকায় গ্যাস সংকট এখন মারাত্মক আকার ধারণ করেছে। অনেক সড়ক ভেঙে চুরমার হয়ে আছে, বিভিন্ন স্থানে খোলা ড্রেনেজের কারণে নোংরা পানি জমে থাকে। এর পাশাপাশি জলাবদ্ধতা, পরিবেশ দূষণ ও তীব্র যানজট পুরান ঢাকার জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। এসব সমস্যার স্থায়ী সমাধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে ইশরাক হোসেন বলেন, বিএনপি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এই জায়গায় এসেছে। দীর্ঘ ১৭ বছরের ত্যাগ ও নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, দলের নেতাকর্মীরা গুম-খুন ও হত্যার শিকার হলেও কখনো পিছু হটেননি।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে ঢাকায় বিরোধী পক্ষের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু বক্তব্য কেবল নেতাকর্মীদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে দেওয়া হচ্ছে।
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির অবস্থান তুলে ধরে ইশরাক হোসেন বলেন, ফুটপাত ও সড়কে অবৈধ স্থাপনা নির্মাণ এবং সেখান থেকে চাঁদা আদায়ের বিরুদ্ধে দল জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না বলেও তিনি উল্লেখ করেন।
কর্মসংস্থান ও নারীদের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নের বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, ফ্যামিলি কার্ড চালু এবং গণপরিবহনসহ জনপরিসরে নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
প্রচারণা শেষে তিনি এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।