ভবিষ্যতে পারস্য উপসাগর যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত হবে বলে মন্তব্য করেছেন ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি। তিনি বলেছেন, দূরদেশ থেকে লোভ ও বিদ্বেষ নিয়ে যারা এ অঞ্চলে আসে, তাদের স্থান হবে সমুদ্রের তলদেশে। অন্যদিকে ইরান ও প্রতিবেশী আরব দেশগুলো উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি। বক্তব্যে মোজতবা খামেনি বলেন, আল্লাহর সহায়তায় পারস্য উপসাগরের উজ্জ্বল ভবিষ্যৎ হবে আমেরিকাবিহীন এক ভবিষ্যৎ, যেখানে এ অঞ্চলের জনগণের অগ্রগতি, স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধি নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, পারস্য উপসাগর ও ওমান সাগর তীরবর্তী দেশগুলোর লক্ষ্য অভিন্ন। যারা হাজার হাজার কিলোমিটার দূর থেকে লোভ ও শত্রুতা নিয়ে এ অঞ্চলে আসে, তাদের এখানে কোনো জায়গা নেই।
মোজতবা দাবি করেন, ইরান উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষা দেবে এবং শত্রুপক্ষের সমুদ্রপথের অপব্যবহার বন্ধ করবে।
হরমুজ প্রণালিতে নতুন ব্যবস্থাপনা ও ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এর মাধ্যমে ওই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক সুবিধা নিশ্চিত হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর মোজতবা খামেনি নতুন নেতা হিসেবে দায়িত্ব নেন। তবে এখনো তাকে প্রকাশ্যে দেখা যায়নি।