ইপেপার / প্রিন্ট
পাকিস্তান বনাম ভারতের ম্যাচ কি আসলেই এতটা উন্মাদনার যোগ্য? রোববার কলম্বোতে সূর্যকুমার যাদব ও তার দল যেভাবে পাকিস্তানকে উড়িয়ে দিলো, এই প্রশ্ন তোলাই যায়। এই ফরম্যাটে চিরপ্রতিদ্বন্দ্বীদের সবচেয়ে বড় ব্যবধানে হারাল ভারত। দলের অসহায় আত্মসমর্পণের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানের প্রতিক্রিয়া কেমন ছিল, তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে গণমাধ্যম।
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট দেওয়ার সিদ্ধান্ত ছিল ‘টক অব দ্য ওয়ার্ল্ড কাপ’। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান এবং ম্যাচটিতে অসহায় আত্মসমর্পণ করেছে। বয়কট নাটকের কেন্দ্রে ছিলেন নাকভি। ভারত যখন পাকিস্তানের ওপর আধিপত্য করছিল, তখন আর প্রেমাদাসা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই একটি বেনামি সূত্রের উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘ভারতের কাছে ৬১ রানে হারের পর দলের পারফরম্যান্স নেয় নাকভি টিম ম্যানেজার নাভেদ আকরাম চিমার কাছে অসন্তোষ প্রকাশ করেছেন।’
ভারতের কাছে পাকিস্তান হারতে যাচ্ছে বুঝতে পেরে আগেভাগে বোর্ড প্রধান স্টেডিয়াম থেকে বের হয়ে যান। ওই সূত্র বললেন, ‘পাকিস্তান যে ভারতের বিপক্ষে আরেকটি পরাজয় স্বীকার করতে যাচ্ছে, এটা বুঝতে পেরে প্রেমাদাসা স্টেডিয়াম থেকে চেয়ারম্যান আগেভাগে বের হয়ে যান।’
এক ঊর্ধ্বতন পিসিবি কর্মকর্তার মাধ্যমে টিম ম্যানেজারের কাছে নাকভি বার্তা দেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে এমন পারফরম্যান্স কখনোই বোধগম্য বা গ্রহণযোগ্য নয়। ওই সূত্র আরও বলেছে, প্রধান কোচ মাইক হেসনও ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জানিয়েছেন, তারা তাদের পূর্ণ সামর্থ্য দিয়ে খেলেনি।
তিনি বললেন, ‘গভীর রাতে ম্যানজেমেন্টের থিংকট্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে অনেক হয়েছে। বাবর ও শাহিনকে বেঞ্চে রাখার সময় এখন, নামিবিয়ার বিপক্ষে বুধবার সালমান মির্জা বা নাসিম শাহ ও ফখর জামানকে পরখ করতে চাইবে তারা।’
সুপার এইটে উঠতে হলে পাকিস্তানকে নামিবিয়ার বিপক্ষে জিততেই হবে। নিচের র্যাংকিংয়ে থাকা যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসকে হারানোর পর ভারতের কাছে পরাজিত হয়েছে পাকিস্তান।