বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০ প্লাটুন সদস্য মোতায়েন করেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পহেলা বৈশাখ উপলক্ষে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা এবং উৎসবকে নির্বিঘ্ন রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবির সদস্যরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছে রমনা বটমূল, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট, দোয়েল চত্বর, জাতীয় জাদুঘর, শহীদ জিয়া শিশু পার্ক, রমনা মঞ্চ এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকা।
বিশেষ করে ছায়ানট আয়োজিত রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
বিজিবি জানায়, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সব নাগরিককে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানানো হয়েছে।