রাজধানীর পল্লবী এলাকায় একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবন থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে একটি ১২ বোর শটগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং শটগানের দুটি খালি খোসা।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি মঙ্গলবার (৩১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পল্লবী থানার একটি দল জানতে পারে যে সেকশন-১২ এর আলীনগর এলাকার সাগুফতা হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি পড়ে রয়েছে। এরপর অভিযান চালিয়ে সেখান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বলেন, অভিযানে একটি পরিত্যক্ত কক্ষ থেকে লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।