ইপেপার / প্রিন্ট
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে বেপরোয়া গতির ট্রাক্টরচাপায় আবু তাহের জাহাঙ্গীর (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
৯ এপ্রিল( বৃহস্পতিবার) সকালে মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের জাহাঙ্গীর ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ মুছাপুর গ্রামের মতিন মাঝি বাড়ির আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় চৌধুরীহাট বাজারের একজন জনপ্রিয় চা-দোকানদার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পারিবারিক প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে বের হন জাহাঙ্গীর। পথিমধ্যে জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর তাঁর মোটরসাইকেলকে পাশ থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাক্টরের চাকা তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।